বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১:১৭ অপরাহ্ন /
বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদ

নিজস্ব প্রতিনিধি:
জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই।” তিনি বলেন, “জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তারেক রহমানকে নিয়ে নোংড়া স্লোগান শুরু করেছে। নোংড়া রাজনীতি প্রচলন করতে চান? বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশপন্থীদের প্রতি আপনারা আঙ্গুল তুলেন, জামায়াত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন সম্ভ্রমহানি করেছেন, সে ইতিহাস কি মিথ্যা?”

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মুক্তমঞ্চে সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় মডারেটর হিসেবে একথা বলেন।

আবিদ বলেন, ‘একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল তারা ৫৪বছর পর আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়। এই সাদা শয়তানকে কুমিল্লার টাউনহল থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশে রাজনীতি করতে চাইলে মহান মুক্তিযুদ্ধকে ধারন করেই রাজনীতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গনঅভ্যূত্থানকে ব্যবহার করে এখনও পর্যন্ত চার আনা পয়সার অনধিকার চর্চা করিনি। যাদের আপনারা সম্মুখসারিতে দেখেছেন সবাই টেন্ডার বানিজ্য করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আজকে বিএনপিকে চাদাবাজির অভিযোগ দেয়া হয়। কারা নিয়োগ বানিজ্য করেছে, উপদেষ্টা বনে গিয়েছে, কারা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি ধ্বংস করেছে এগুলো ভুলে যায়েন না। ‘

সম্ভাবনার বাংলাদেশ এর প্রধান নির্বাহী ড. শরীফুল ইসলাম এর পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনায় অংশ নেন কুমিল্লা ৬আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা।