
মোহাম্মদ সাইফুল ইসলাম:
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জনস্বার্থে একটি সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এবং পূর্বধইর পশ্চিম ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটায় ব্যবহৃত ৩টি এক্সক্যাভেটর (ভেকু) এবং বালু উত্তোলনের ১টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও দীর্ঘদিনের অবৈধ দখলদারদের হাত থেকে একটি সরকারি খাল উদ্ধার করা হয়, যা এলাকার সাধারণ মানুষের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি বলেন, “ফসলি জমি রক্ষায় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করার কোনো সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় জনস্বার্থে আমাদের এই অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল, যার ফলে চাষাবাদ হুমকির মুখে পড়েছিল। এই সাঁড়াশি অভিযানের ফলে অবৈধ কার্যক্রম বন্ধ হবে এবং সাধারণ কৃষকরা সুরক্ষিত থাকবে বলে আশা করছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :