নদীরক্ষায় এইস’ এর সচেতনতা মূলক ভিন্নধর্মী ইফতার আয়োজন


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন /
নদীরক্ষায় এইস’ এর সচেতনতা মূলক ভিন্নধর্মী ইফতার আয়োজন

স্টাফ রিপোর্টার:
গোমতী নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যালায়েন্স ফর কেয়ার এন্ড ইকুইটি (এইস) এর উদ্যোগে গোমতী নদীর তীরে এক ভিন্নধর্মী ইফতার অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙন, অবৈধভাবে মাটি কাটা এবং ভূমিখেকোদের দখলদারিত্বের কারণে গোমতী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে নানা পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। এসব বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই নদীর পাড়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

ইফতার অনুষ্ঠানে সংগঠনটির স্বেচ্ছাসেবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ ও কৃষি পদকপ্রাপ্ত (এআইপি) জনাব মতিন সৈকত, দাউদকান্দি উপজেলা বাপার সাধারণ সম্পাদক জনাব মো: মিজানুর রহমান তালুকদার এবং জেলা নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসন কমিটির সদস্য কৃষক প্রতিনিধি জনাব মো: নুরুল ইসলাম। এসময় ধন্যবাদ জ্ঞাপন করেন এইস এর প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, গোমতী শুধু একটি নদী নয়—এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। অবৈধভাবে মাটি কাটা ও দখলদারিত্ব বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের শেষে গোমতী নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় পরিবেশ কর্মীরা কাপ্তানবাজার খেলার মাঠ কেটে মাটি বিক্রি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। নদী রক্ষায় প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ইফতারের পর গোমতীর চরে ছড়িয়ে থাকা প্লাষ্টিক ও পরিত্যক্ত প্যাকেট সংগ্রহ করে তা নষ্ট করে দেন এইস এর স্বেচ্ছাসেবিরা।