নাথেরপেটুয়া বাজারে উন্নয়নের ছোঁয়া নেই, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১:১৪ অপরাহ্ন /
নাথেরপেটুয়া বাজারে উন্নয়নের ছোঁয়া নেই, দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতা

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র নাথেরপেটুয়া বাজার। দীর্ঘদিন ধরে এ বাজারটি উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে শত শত মানুষ এখানে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য আসেন। সম্ভাবনাময় ও পরিকল্পিত উপজেলা হিসেবে মনোহরগঞ্জের পরিচিতি থাকলেও, সেই তুলনায় নাথেরপেটুয়া বাজারের বর্তমান অবস্থা অত্যন্ত হতাশাজনক বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সচেতন মহল।

বাজার ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়কের মোড় এবং বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে রয়েছে। কোথাও কোথাও দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ না হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে বাজারে আগত সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ব্যবসায়ীরা জানান, বাজারে নির্দিষ্টভাবে ময়লা ফেলার কোনো ব্যবস্থা না থাকায় দোকানপাট ও আশপাশের বর্জ্য যেখানে-সেখানে ফেলা হচ্ছে। ফলে প্রতিদিনই নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই বাজারের বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমে যায়। এতে করে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় দোকানের ভেতরেও পানি ঢুকে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে বলে জানান ব্যবসায়ীরা।

একাধিক দোকানদার জানান, বাজারে একটি কমিটি থাকলেও দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কার্যক্রম চোখে পড়ে না। সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, পরিচ্ছন্নতা রক্ষা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার মতো জরুরি বিষয়গুলোতে বাজার কমিটির সক্রিয় ভূমিকা নেই বলে অভিযোগ রয়েছে। ফলে দিন দিন বাজারের পরিবেশ আরও খারাপের দিকে যাচ্ছে।

নেটিজেনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বাজারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, মনোহরগঞ্জের মতো সম্ভাবনাময় উপজেলার অন্যতম প্রধান বাজার হওয়া সত্ত্বেও নাথেরপেটুয়া বাজারে আধুনিক সুযোগ-সুবিধার অভাব দুঃখজনক। দ্রুত পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, নাথেরপেটুয়া বাজারের সুষ্ঠু উন্নয়ন হলে এটি শুধু মনোহরগঞ্জ নয়, আশপাশের এলাকারও অন্যতম আধুনিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় ঐতিহ্যবাহী এ বাজার তার গুরুত্ব হারানোর আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বাজারকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও আধুনিক রূপ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সর্বস্তরের জনগণ।