নিজস্ব প্রতিনিধি:
মানবিকতার ছোঁয়ায় প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের বন্ধু ফাউন্ডেশন’। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৯ মার্চ) বিকেলে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বারৈয়ারা গ্রামের ঈদগাহ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আনাস-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: জুনায়েদ প্রধান-এর সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা।
উপহার প্যাকেজে যা ছিল:
প্রতিটি সুবিধাভোগী পরিবারকে প্রায় ১,৬৫০ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অতিথিদের বক্তব্য: প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা বলেন, “জুনায়েদ ও আনাসদের মতো তরুণরা যখন সমাজের হাল ধরে, তখন সমাজ বদলে যায়। তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর অনাহারে থাকবে না। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: জুনায়েদ প্রধান তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “অসহায়ের বন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। উৎসবের দিনে আমাদের এলাকার কোনো পরিবার যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। ইনশাআল্লাহ, সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা পেলে আমরা এই সেবামূলক কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবো।”
উপস্থিত ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. রুহুল আমিন সরকার, আলমাছ প্রধান, মো. মনির হোসেন তালুকদার ও মানিক হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. আলাউদ্দিন, যুব উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফেজ মো. আবু নাছের, ডাঃ মো. আবু হানিফ প্রমুখ।
পরিশেষে, সভাপতি মুহাম্মদ আনাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সমাজের সামর্থ্যবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি যোবায়ের আহমেদ।
আপনার মতামত লিখুন :