নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের জনপ্রিয় ম্যাগাজিন কিশোরকণ্ঠ আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’-এর পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ জোগাতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরকণ্ঠের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোহাইমেন, লেখক ড. আহসান হাবীব ইমরোজ ও ডা. সিফাত সালেহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর শাখার চেয়ারম্যান হাসান আহমেদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, উপদেষ্টা কাজী আকিব আব্দুল্লাহ ও পরিচালক ফরহাদ হোসেন জারিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক চর্চা বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :